রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী যদি আবার ফ্যাসিবাদের পথে হাঁটে, তাহলে রাজপথে নামলে তাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। সেখানেই তিনি এসব কথা বলেন।

ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই আজকের এই বাকস্বাধীনতা এসেছে। যদি শাসকগোষ্ঠী আবার গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন তারা।

তিনি আরও বলেন, সরকারকে আহ্বান জানানো হচ্ছে— জনগণের গণতান্ত্রিক অধিকার, কথা বলার স্বাধীনতা এবং মৌলিক অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

ইসহাক সরকার দাবি করেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন এবং অসংখ্য সহযোদ্ধা হারিয়েছেন। তিনি বলেন, জীবনের বড় একটি সময় তিনি আন্দোলন-সংগ্রামের মধ্যেই কাটিয়েছেন এবং কোনো ধরনের আপস করেননি।

তিনি আরও বলেন, আগের রাজনৈতিক দলে গণতান্ত্রিক ধারা থেকে সরে যাওয়ার প্রবণতা দেখা গেছে। জনগণের রক্ত ও ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের মুক্তির পথ হিসেবে তিনি এই দলকে দেখছেন। তার দাবি, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনায় এখনো যথাযথ বিচার হয়নি এবং আগের অশুভ রাজনৈতিক প্রভাব আবার ফিরে আসার চেষ্টা করছে।

ইসহাক সরকার বলেন, কোনো বিদেশি শক্তি যদি দেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়, তা জনগণ কখনো মেনে নেবে না। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আবারও আন্দোলনে নামা হবে।

সবশেষে তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তন না এলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তা আদায় করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970