এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফি এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ শীর্ষ নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

ইসহাক সরকার দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার সংখ্যা তিন শতাধিক বলে জানা যায়। পরে বিভিন্ন মামলায় তিনি আদালত থেকে খালাস পান।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন তিনি। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তার প্রতিবাদী ভূমিকা তরুণদের মধ্যে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ও কনটেন্টভিত্তিক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেন।

দলটির নেতারা মনে করছেন, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত নতুন মুখদের অন্তর্ভুক্তি জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970