বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধের ঘোষণা শিলিগুড়িতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম
কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী মনোভাবের অভিযোগ তুলে বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। এ সিদ্ধান্ত নিয়েছে ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও সে সময় মানবিক বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে সেই ছাড়ও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। উজ্বল ঘোষ বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এখন থেকে কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তাদের সংগঠনের আওতাভুক্ত শিলিগুড়ির ১৮০টি হোটেল এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করবে। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন। নতুন এই সিদ্ধান্তের ফলে তাদের ভ্রমণে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।