স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন বাহিনীর হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সামরিক বাহিনী আটক করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় পরিসরের অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জানান, এ বিষয়ে মার-এ-লাগোতে সকাল ১১টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী সিবিএস নিউজ জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার অভিযানে যুক্ত ছিল মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স।

ডেল্টা ফোর্সকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত ও অভিজাত সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলা শুরুর খবর পাওয়া যায়। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970