ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি বলে নির্যাতন করছে হিন্দুত্ববাদী বিজেপিরা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মুসলিম নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের মারধর ও হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এসব ঘটনার জেরে আতঙ্কে অনেক মুসলিম শ্রমিক নিজ নিজ রাজ্যে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওড়িশাসহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনা ক্রমেই বাড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শ্রমজীবী মানুষরা, যারা কাজের সন্ধানে অন্য রাজ্যে গিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের ভয়ে অনেকেই কাজ হারিয়ে নিজ রাজ্যে ফিরে আসছেন, ফলে তারা বেকারত্বের মুখে পড়ছেন। সর্বশেষ ওড়িশার সম্বলপুরে ইজাজ আলী নামে এক মুসলিম শ্রমিক মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন। রাজমিস্ত্রির কাজ করা ওই শ্রমিককে বাংলাদেশি আখ্যা দিয়ে হিন্দুত্ববাদীদের একটি দল মারধর করলে তার একটি হাত ভেঙে যায়।
সহিংসতার ভয়ে ওড়িশা ছাড়াও ছত্তিশগড় ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বসবাসরত মুসলিম শ্রমিকরা কাজে যেতে সাহস পাচ্ছেন না। যেকোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কায় তারা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
সম্বলপুরের পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, ঘটনার পর সেখানে ছুটে যান কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। তিনি আক্রান্ত বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তার আশ্বাস দেন।
২৭ বছর বয়সী ইজাজ আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার বাসিন্দা। দুই মাস আগে তিনি কাজের সন্ধানে সম্বলপুরে যান। অভিযোগ অনুযায়ী, হিন্দুত্ববাদীদের একটি দল তার থাকার কক্ষে জোরপূর্বক ঢুকে আধার ও ভোটার কার্ড দেখার পরও তাকে মুসলিম পরিচয়ের কারণে বাংলাদেশি বলে আখ্যা দেয় এবং লোহার রড দিয়ে মারধর করে। হামলাকারীরা তার টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায়।
একই ধরনের ঘটনার শিকার হয়েছেন ছত্তিশগড়ে কর্মরত মুর্শিদাবাদের আরও তিন মুসলিম শ্রমিক— ইয়াদুল (২৮), নিয়ামুল (৩০) ও হানিফ (৬৫)। নারায়ণপুর এলাকায় আটকে রেখে তাদের পরিচয়পত্র যাচাইয়ের পর মুসলিম পরিচয় পাওয়ায় ব্যাপক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।