‘ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০১:১০ এএম
মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনি কোনও বাঙ্কারে লুকিয়ে নেই। তিনি জনসমক্ষে না আসার কারণে এটি ভুল বোঝা হচ্ছে; সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্স ও অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোতলাঘ বলেন, “ইরান অভ্যন্তরীণ সংকটে রয়েছে বলে কিছু দেশ পরিস্থিতি ভিন্নভাবে দেখাতে চেয়েছে। তবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব থাকলেও আমরা পুরোপুরি প্রস্তুত।” তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা বাহিনী ও জনগণের সহায়তায় সাম্প্রতিক অস্থিরতা দুই দিনের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে।
তিনি জানান, গত বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন; এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী। মোতলাঘ দাবি করেন, ইরান কোনও বিদেশি শক্তিকে ভয় পায় না এবং আক্রমণ মোকাবিলার সক্ষমতা রাখে। তিনি যুক্তরাষ্ট্রের আগ্রাসনমূলক পদক্ষেপের মধ্যে বিমানবাহী রণতরী বহর পাঠানোকে উল্লেখ করে বলেন, “আমরা আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”