বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর হিন্দুসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, গত প্রায় দেড় বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কয়েক হাজার সহিংসতার ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ইনস্টিটিউট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১০০টি সহিংস ঘটনার অভিযোগ উঠেছে।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাতে এক প্রশ্নের লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনায় হামলার মতো যেকোনো ঘটনার বিষয়ে ভারতের সরকার নিয়মিত নজর রাখছে।
তিনি আরও জানান, বিভিন্ন মানবাধিকার সংস্থার সংগৃহীত তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশজুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১০০টি সহিংস ঘটনার অভিযোগ পাওয়া গেছে।