পাকিস্তানে ভারি বর্ষণে ৪৫ জনের মৃত্যু, আহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম
পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে ৪৫ জন নিহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে প্রদেশে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিজনিত দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক; আহতদের মধ্যে ৪৪ জন শিশু।
টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড়ি এলাকায় বহু বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো উদ্ধারকাজ চালাচ্ছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রদেশে পুনরায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।
পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সংবেদনশীল পর্যটন এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকদের সতর্ক করা হয়েছে।