কুমিরের পেটে নিখোঁজ হোটেল মালিক, মিলল ৬ জোড়া জুতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
দক্ষিণ আফ্রিকার কোমাতি নদীতে নিখোঁজ এক হোটেল ব্যবসায়ীর দেহাংশ উদ্ধার করা হয়েছে একটি বিশাল কুমিরের পেট থেকে। উদ্ধার অভিযানের পর এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
নিহত ৫৯ বছর বয়সী গ্যাব্রিয়েল বাতিস্তা স্থানীয় একটি হোটেলের মালিক ছিলেন। গত সপ্তাহে বন্যার স্রোতে ভেসে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর কয়েক দিন ধরে নদীতে তল্লাশি চালায় উদ্ধারকারী দল।
অভিযান চলাকালে প্রায় ১৫ ফুট লম্বা একটি কুমিরকে অস্বাভাবিকভাবে স্থির অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় উদ্ধারকারীদের। পরে হেলিকপ্টারের সহায়তায় কুমিরটিকে নদী থেকে তোলা হয়। জানা যায়, অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে কুমিরটি এতটাই ভারী হয়ে পড়েছিল যে নড়াচড়া করতে পারছিল না।
পরবর্তীতে কুমিরটিকে মেরে পেট কেটে পরীক্ষা করা হলে ভেতর থেকে দুটি বিচ্ছিন্ন হাত, পাঁজরের হাড়ের অংশ এবং মাংসপিণ্ড উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো নিখোঁজ ব্যবসায়ী গ্যাব্রিয়েল বাতিস্তার দেহাংশ।
আরও উদ্বেগের বিষয় হলো, কুমিরটির পেট থেকে ছয় জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা গ্যাব্রিয়েল বাতিস্তার নয় বলে ধারণা করা হচ্ছে। এতে আশঙ্কা করা হচ্ছে, ওই কুমিরটি আরও কয়েকজন নিখোঁজ ব্যক্তির ওপর হামলা চালিয়ে থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশের জিনগত পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। একই সঙ্গে ওই এলাকায় আরও বড় কুমির থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট