‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা কয়েকদিন দেশজুড়ে বিক্ষোভের পর এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

‘নিট’ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। পশ্চিমবঙ্গেও বামপন্থি ছাত্র সংগঠন ও ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে পরিচিত ‘সিজেপি’র উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তিন দফা দাবি আদায় করে আন্দোলন প্রত্যাহার করলেও, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) কলকাতার ধর্মতলায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে পানির বোতল ও জুতা নিক্ষেপ এবং হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন।

শনিবার (২৫ জুলাই) রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত কোনো ধরনের বলপ্রয়োগ না করতে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘ইউনাইটেড ককরোচ মার্চ’ নামে এই কর্মসূচির পেছনে স্বঘোষিত ‘ককরোচ পার্টি’ ও বামপন্থি সংগঠনগুলো ছিল। তার ভাষ্য, আন্দোলনকারীরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে। বারবার উসকানি সত্ত্বেও কলকাতা পুলিশ সংযম দেখিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাগুলোতে গুন্ডা দমন আইনের ধারা যুক্ত করা হয়েছে। পুলিশের তদন্তে এখন পর্যন্ত প্রায় ৭০ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা ‘নিট’ আন্দোলনের অংশ ছিলেন না বলে দাবি করেন তিনি।

বিধানসভায় বক্তব্যে শুভেন্দু অধিকারী অভিযুক্ত কয়েকজনের নামও প্রকাশ করেন। তিনি বলেন, আফরোজ, নাহিদ, তনভির, রাহুল ও জামালের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলায় আহত ছয়জন সাংবাদিক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলাগুলোর তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970