ভয় পেও না চাঁদাবাজ, তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে জনগণের একটি টাকাও আত্মসাৎ করা হবে না। সর্বস্তরের দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলার অঙ্গীকার করে তিনি বলেন, চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের কোথাও সহ্য করা হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভয় পেও না, তওবা করে ফিরে এসো। আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ ও রুজির ব্যবস্থা করে দেব। কিন্তু অন্যায়ের সঙ্গে কোনো আপস হবে না।’

বগুড়াকে উত্তরবঙ্গের ‘রাজধানী’ আখ্যা দিয়ে তিনি ঘোষণা দেন, ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। একই সঙ্গে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধার জন্য দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

বগুড়ার দীর্ঘদিনের দাবি তুলে ধরে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কথাও জানান তিনি।

বিচার বিভাগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। অপরাধ করলে তিনি প্রেসিডেন্ট হন বা প্রধানমন্ত্রী—আইনের চোখে সবাই সমান। আদালত দেখবে শুধু অপরাধ হয়েছে কি না এবং কে ক্ষতিগ্রস্ত।’

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা ওয়াচডগ হিসেবে আমাদের দিকে কড়া নজর রাখবেন। সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন। সত্য গোপন করবেন না, আবার মিথ্যাও চাপাবেন না।’

জনকল্যাণমূলক রাষ্ট্রের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় গেলে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে সব বয়স্ক নাগরিকের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র নেবে। নারীরা যেন নিরাপদ ও সম্মানের সঙ্গে ঘরে-বাইরে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের বেকার তকমা দিয়ে বসিয়ে রাখা হবে না। যার মেধা যেখানে উপযুক্ত, রাষ্ট্র সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ভুয়া সার্টিফিকেটের বোঝা বইতে হবে না।’

পররাষ্ট্রনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে যে লাল কার্ড দেখিয়েছে, সেটাই স্থায়ী লাল কার্ড। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কেউ প্রভু হয়ে আসলে তা মেনে নেওয়া হবে না।’

জনসভায় তিনি বিগত সরকারের ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, জনগণ আর কোনো ধোঁকাবাজি দেখতে চায় না।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বগুড়ার সাতটি সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা থেকে জাতীয় নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দলের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970