‌‌‘ধরুন, সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ চালাবে? কে আছে দেখান?’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়ার আগে বিকল্প নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা দেখানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য বিদ্যমান সরকারের বাইরে কার্যকর কোনো বিকল্প দৃশ্যমান নয়।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণ পরিবর্তনের পথ তৈরি করেছে। এমন অবস্থায় একটি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সরকারবিরোধী আন্দোলনের ডাক জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করছে না। তিনি প্রশ্ন রাখেন, যদি সরকার দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেশ পরিচালনার দায়িত্ব কে নেবে? সেই বিকল্প শক্তি কোথায়?

তিনি আরও বলেন, বর্তমান ভূরাজনৈতিক সংকটের সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সরকারের বাইরে বাস্তবসম্মত কোনো বিকল্প দেখা যাচ্ছে না। এ মন্তব্যকে কোনো রাজনৈতিক পক্ষের সমর্থন হিসেবে না দেখে বাস্তবতার আলোকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র পরিচালনার নানা চ্যালেঞ্জ তিনি কাছ থেকে দেখেছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছে। এ জন্য তিনি অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, এ সমস্যা দীর্ঘদিনের হলেও অনেক শিক্ষিত তরুণ প্রকৃত পরিস্থিতি না বুঝেই বিভিন্ন আন্দোলনে যুক্ত হচ্ছেন। এর ফলে দেশকে অস্থিতিশীল করতে আগ্রহী বিদেশি শক্তিগুলো সুযোগ পেতে পারে এবং নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে।

শিক্ষিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, সরকারকে সমালোচনা করা এবং দুর্বলতা তুলে ধরা গণতান্ত্রিক চর্চার অংশ। তবে উসকানিমূলক আন্দোলন কিংবা অশালীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং সেই ঐক্য ধরে রাখাই এখন সময়ের দাবি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970