বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রায় দুই মাস পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে রংপুরে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আজমাইন আবদুল্লাহ (২৬)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার বাসিন্দা। এ ঘটনায় গত ৬ মে ভুক্তভোগী কলেজছাত্রী রংপুর আদালতে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আজমাইন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক রুহুল আমীন জানান, গত বছরের ২ ডিসেম্বর বিয়ের আশ্বাস দিয়ে ওই কলেজছাত্রীকে রংপুর আদালতসংলগ্ন একটি লেকের পাশে নিয়ে যান আজমাইন। সেখানে দুই সাক্ষীর উপস্থিতিতে একটি স্ট্যাম্পে তরুণীর স্বাক্ষর নেওয়ার পর তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, এরপর হারাগাছের ধুমগড়া এলাকার একটি বাড়িতে তাকে স্ত্রী পরিচয়ে নিয়ে গিয়ে রাত কাটান আজমাইন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান।

পরে কলেজছাত্রী কাবিননামা দেখতে চাইলে আজমাইন নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ২৪ এপ্রিল সাক্ষীদের সঙ্গে নিয়ে তিনি আজমাইনের বাড়িতে গেলে অভিযুক্ত জানান, তিনি আগে থেকেই বিবাহিত এবং ওই তরুণীকে বিয়ে করা সম্ভব নয়।

এ ঘটনায় প্রতিবাদ করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য অর্থের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান জানান, আদালতের নির্দেশে গত ১২ মে আজমাইনের বিরুদ্ধে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। মামলার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন অভিযান চালানোর পর র‍্যাব-১-এর সহায়তায় ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রংপুর আদালতে হাজির করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970