৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, জেনে নিন কতদিন থাকবে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ৪৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শনিবার (১০ জানুয়ারি) পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়েও বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রবণতা থাকবে, বিশেষ করে নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে।

রোববার (১১ জানুয়ারি) পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970