বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে যেসব অঞ্চল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির লক্ষণ দেখা গেছে। আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, স্ট্রেইট অব মালাক্কা ও তৎসংলগ্ন এলাকায় গঠিত একটি লঘুচাপ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল পরিবেশ থাকলে এটি দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে গিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

শনিবার (২২ নভেম্বর) দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, ২৫–২৭ নভেম্বরের মধ্যে লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর সম্ভাব্য নাম হতে পারে ‘সেনিয়ার’। এরপর ২৮–২৯ নভেম্বরের মধ্যে এটি আরও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য ও পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে, যেখানে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পরিবেশ অনুকূলে থাকলে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে উত্তর বা উত্তর–পূর্ব দিকে অগ্রসর হতে পারে। শেষ পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, ১–২ ডিসেম্বরের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের উপকূল—যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি সম্পূর্ণ সুগঠিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত অবস্থান নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বিডব্লিউওটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যা ৩০ নভেম্বর বা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে টানা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, রংপুর ও রাজশাহী বিভাগের তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970