মসজিদের ইমামের কাছে লাখ টাকা চাঁদা দাবি করলেন যুবদলের দুই নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুর শহরের নতুন হাইস্কুল জামে মসজিদের ইমামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করার অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন জেলা যুবদলের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কালু এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

জানা যায়, প্রায় ১৯ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন মাওলানা আলাউদ্দিন। গত ৫ আগস্টের পর মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন করা হলে সেখানে রাজনৈতিক পরিচয়ে অভিযুক্ত ওই দুই নেতাও যুক্ত হন। এরপর থেকেই তারা মসজিদে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের একটি দোকান দখল করে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার, মসজিদের আয়ের অংশ দাবি এবং মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়মে জড়িত ছিলেন তারা।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের নেতৃত্বে একটি দল মসজিদে গিয়ে ইমামের ওপর চাপ প্রয়োগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমনকি ইমামের মোবাইল ফোন নিয়ে তার ফেসবুক আইডি থেকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে একটি পোস্ট দেওয়ানো হয় বলেও অভিযোগ করেছেন ইমাম নিজেই।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, অকথ্য ভাষায় গালাগালি করে বাঁশ নিয়ে মারতে এলে মুসল্লিরা তাদের প্রতিহত করেন। পরে তিনি নিরাপত্তার জন্য স্থান ত্যাগ করেন। তিনি প্রশ্ন রেখে বলেন, এখন তারা কার কাছে বিচার চাইবেন।

অভিযুক্ত জুয়েল রানা দাবি করেন, তারা মসজিদে গিয়ে ইমামের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি ভুল বোঝাবুঝি। অন্যদিকে হারুনুর রশিদ কালুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970