অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে গণপিটুনি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশা থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার খুলে নেয় স্থানীয়রা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় বসে ওই যুবক পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাওয়ার পথে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেমে সড়কে দাঁড়িয়ে আবারও স্লোগান দেন তিনি।

এ সময় আশপাশের কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে তার দিকে এগিয়ে গেলে তিনি অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। তবে স্থানীয়রা তাকে টেনে নামিয়ে মারধর করেন। এ সময় অটোরিকশাচালককেও চড়-থাপ্পড় দেওয়া হয়। পরে মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে যুবক ও চালককে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970