হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় একই পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারাহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সোহরাব আলী (৬৪), স্বরূপ খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ১৩ জনের নাম উল্লেখ করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন।
পরে ২০১৭ সালে গোয়েন্দা পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর ন্যায়বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে নিহতের পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।