ফ্যামিলি কার্ড প্রকল্পে থাকা ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২০ পিএম
ফ্যামিলি কার্ড প্রকল্পে থাকা ত্রুটি-বিচ্যুতি দ্রুত চিহ্নিত করে সংশোধন করা হবে এবং এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার দুপুরে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে। এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হওয়ায় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
তিনি আরও বলেন, এত বড় পরিসরের প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু ভুল থাকা স্বাভাবিক, তবে সেই ভুলের পরিমাণ এক শতাংশেরও কম।
অর্থমন্ত্রী জানান, পাইলট পর্যায়ে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। বর্তমানে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, কোথাও কেউ বাদ পড়েছে কি না বা ভুলভাবে কেউ অন্তর্ভুক্ত হয়েছে কি না।
তিনি আরও বলেন, যাচাই শেষে প্রকৃত উপকারভোগীদের কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।