ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’কে কেন্দ্র করে ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কা উপকূল ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
দুপুর ১২টার সময়ে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৪০ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ১ হাজার ৮৮৫ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকেও ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সিস্টেমটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে কেন্দ্রের কাছাকাছি সাগর এলাকায় খুব উত্তাল অবস্থা বিরাজ করছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।