ঢাবির হলে গাঁজা সেবনের সময় ছাত্রদল কর্মীসহ ৪ জন আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের (প্রস্তাবিত শহীদ ওসমান হাদী হল) পুরাতন ভবনের ছাদ থেকে গাঁজা সেবনকালে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন হলের শিক্ষার্থী এবং অপর দুইজন বহিরাগত। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন বিজয় একাত্তর হলের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানবীন আহমেদ (আহমেদ আনিম)। তানবীন ছাত্রদল রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের অনুসারী হিসেবে পরিচিত। অপর দুই বহিরাগত হলেন সামিউল ও রাকিব।
হল সংসদের ভিপি মুসলিমুর রহমান ও এজিএস মুশফিক তাজওয়ার মাহি গভীর রাতে ছাদে অবস্থানকালে গাঁজা সেবন করতে দেখে তাদের পরিচয় জানতে চান এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। পরে ঘটনাস্থল থেকে তামাক পাতা, গাঁজা ও কল্কি উদ্ধার করা হয়।
আটক সামিউল জানান, ধানমন্ডিতে একটি কাজে আসার পর রাত হয়ে যাওয়ায় পরিচিতদের সঙ্গে হলে অবস্থান করছিলেন। অন্যদিকে তানবীন আহমেদ বলেন, তারা একটি কাজে হলে এসেছিলেন এবং পরে ছাদে যান। মাদকসেবনের সরঞ্জাম উদ্ধারের বিষয়টি তিনি অস্বীকার করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য রিপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করা হয়। বহিরাগতদের থানায় হস্তান্তর করা হবে এবং শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহি বলেন, পুরাতন ভবনে জনবসতি কম থাকায় আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ডাকসু নির্বাচনের সময় মাদকবিরোধী নীতিতে জিরো টলারেন্স ঘোষণার কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, গাঁজা সেবনের অভিযোগ পাওয়ার পর প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে। যেহেতু আটক শিক্ষার্থীরা হলের আবাসিক, তাই হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল সংসদ মাদকবিরোধী নীতি আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।