টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীসহ চারজনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এই বহিষ্কারাদেশ কার্যকর করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।