হাদি ইস্যুতে ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল এলাকায় দেয়াল লিখন ঘিরে ইনকিলাব মঞ্চ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে। শহীদ শরিফ ওসমান হাদীর বিচারের দাবিতে লেখা দেয়াল লিখন মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

জানা যায়, সূর্যসেন হলের প্রধান ফটক সংলগ্ন দেয়ালে লেখা ‘জাস্টিস ফর হাদী’ স্লোগানটি হল শাখা ছাত্রদল মুছে দেয়। পরে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেই দেয়াল লিখন পুনরায় আঁকে। এর জবাবে ছাত্রদলের পক্ষ থেকে একই দেয়ালে পাল্টা দেয়ালিকা আঁকা হয়।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সূর্যসেন হলের প্রধান ফটকের পাশে এসব দেয়াল লিখন ও দেয়ালিকা আঁকার ঘটনা ঘটে।

ইনকিলাব মঞ্চের আঁকা দেয়াল লিখনের ওপর কালো রঙে লেখা হয়, ‘হাদী ব্যবসায়ীরা নিপাত যাক, ওসমান হাদী বিচার পাক’। এছাড়া হলের প্রধান ভবনের ফটকের পিলারে লেখা বিভিন্ন স্লোগানের নিচে ব্যঙ্গাত্মক মন্তব্যও যোগ করা হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু বলেন, নববর্ষকে সামনে রেখে তারা আলপনা ও দেয়াল লিখন করছিলেন। সেই সময় একটি জায়গায় ‘জাস্টিস ফর হাদী’ মুছে সেখানে ‘শুভ নববর্ষ’ লেখার পরিকল্পনা ছিল। তিনি দাবি করেন, হাদীর প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই, তারাও বিচার চান।

তিনি আরও বলেন, হাদী হত্যার বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান ইতিবাচক। তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

এদিকে সরেজমিনে দেখা যায়, সূর্যসেন হলের অতিথি কক্ষের দেয়ালে লেখা একটি স্লোগানের ওপর আকাশি রঙ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এ বিষয়ে আবিদুর রহমান মিশু বলেন, এটি একটি অসম্পূর্ণ স্লোগান হওয়ায় সেটিকে বাতিল বোঝাতে এমন চিহ্ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকার রাজপথে একটি পূর্ণাঙ্গ স্লোগান উচ্চারিত হয়, যার একটি অংশ ওই দেয়ালে লেখা ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970