যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চায় ইসরাইল: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সংঘাত মোকাবিলায় দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরাইলকে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে হবে এবং দেশের প্রয়োজনীয় অস্ত্র নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন করতে হবে।
তিনি আরও বলেন, ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইসরাইল কঠোর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য আঘাত হেনেছে। যদিও পরিস্থিতির এখনও পুরোপুরি অবসান হয়নি, তবুও ভবিষ্যতে দেশের অবস্থান ও নিরাপত্তা অনেকাংশে নিজেদের শক্তি ও সক্ষমতার ওপর নির্ভর করবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক দশকের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটিকে আরও শক্তিশালী সামরিক ভিত্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নেতানিয়াহু ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর পক্ষে মত দিয়ে আসছেন। এমন সময়ে তার এ বক্তব্য সামনে এলো, যখন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে।