ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তাকে বদলি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগে আলোচনায় আসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা। তিনি জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে অভিযোগসংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে বিবেচিত হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তা এখনো বর্তমান কর্মস্থলে অবস্থান করছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করতে বুধবার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল দেবীগঞ্জে গিয়ে সরেজমিন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে ঘুষ গ্রহণের অভিযোগসংবলিত ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970