সংসদ সদস্যদের উদ্দেশে কড়া নির্দেশনা দিলেন স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:০৮ পিএম
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংসদ কক্ষে সদস্যদের ছোট ছোট দলে আলোচনা করার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। তাই মন্ত্রীদের নির্ধারিত সময়ে সংসদে উপস্থিত থেকে সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হলে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বিষয়টি উত্থাপন করেন। এর জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রের সব কার্যক্রমের মধ্যে সংসদ অধিবেশন সর্বোচ্চ গুরুত্ব বহন করে। এজন্য মন্ত্রীদের নিয়মিত সংসদে উপস্থিত থাকা প্রয়োজন।
সরকারদলীয় প্রধান হুইপের উদ্দেশে স্পিকার বলেন, বিভিন্ন মন্ত্রণালয়সংক্রান্ত আলোচনায় সদস্যরা যেসব বিষয় তুলে ধরেন, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রীদের গুরুত্বের সঙ্গে শোনা এবং সমাধানে উদ্যোগ নেওয়া উচিত।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে স্পিকার শুরু থেকেই ভূমিকা রেখে আসছেন। তবে প্রায়ই দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা চলছে, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এতে আলোচনা কাঙ্ক্ষিত ফলাফল পায় না।
জবাবে স্পিকার বলেন, বিষয়টি আগেও আলোচনায় এসেছে। রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনের কারণে অনেক সময় মন্ত্রীরা অনুপস্থিত থাকেন বলে জানানো হয়েছিল। তবে সংসদের গুরুত্ব বিবেচনায় তাদের নিয়মিত উপস্থিত থাকা জরুরি বলে তিনি আবারও উল্লেখ করেন।
এদিকে অধিবেশন শুরু হওয়ার নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর কার্যক্রম শুরু হয়। অধিবেশন শুরুর প্রায় আধা ঘণ্টা পেরিয়ে গেলেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না।
সংসদ চলাকালে সদস্যদের দলবদ্ধ আলোচনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলার সময় আলাদা দলে কথাবার্তা সংসদের পরিবেশ ও শৃঙ্খলার জন্য ইতিবাচক নয়।
এ বিষয়ে একমত পোষণ করে স্পিকার বলেন, তিনিও প্রায়ই সংসদ কক্ষে সদস্যদের দলবদ্ধভাবে আলোচনা করতে দেখেন। তিনি সদস্যদের নিজ নিজ আসনে বসে অধিবেশনের কার্যক্রম মনোযোগসহকারে শোনা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।