আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মিছিল-সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়িতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা ছিল। তবে এখন পর্যন্ত তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়নি। বাকি সময়েও তারা কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এবং দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে জমায়েত হওয়ার পরিকল্পনার তথ্য পাওয়ার পর থেকেই সতর্ক অবস্থানে যায় পুলিশ। এ কারণে গত তিন দিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ ও তল্লাশি চৌকিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি নিয়মিত টহল ও সাদা পোশাকে নজরদারিও বাড়ানো হয়।
মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, রাজধানীর প্রবেশমুখ, রেলস্টেশন, বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালানো হয়েছে। সম্ভাব্য অবস্থানস্থল হিসেবে বিভিন্ন মেস, আবাসিক হোটেল ও অন্যান্য স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনার কারণে নাশকতার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কা আরও জোরালো হয়েছে। যদিও পুরো পরিকল্পনা সম্পর্কে এখনও শতভাগ নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি, তবুও সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।