বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৮ এএম
বাংলাদেশের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার ঢাকায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব ফুটবল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে শিক্ষা ও যুব উন্নয়ন খাতে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’-এর চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
সৌজন্য উপহার হিসেবে দেওয়া ফুটবলগুলো পাকিস্তানের শিয়ালকোটে উৎপাদিত। ইতোমধ্যে সেগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে এসব ফুটবল বিতরণ করা হবে বলে জানা গেছে।
ইমরান হায়দার বলেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে শারীরিক শিক্ষা, সুস্থ জীবনধারা এবং ফুটবলচর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, শিয়ালকোট আন্তর্জাতিক অঙ্গনে ফুটবল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানকার একটি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিশ্বকাপ ফুটবলের সরকারি বলও তৈরি করেছে।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পাকিস্তানের এ উপহারের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।