পুত্রজায়ায় লাল গালিচায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫৯ এএম
পুত্রজায়ায় লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম।
সোমবার সকালে রাজধানী কুয়ালালামপুরের শাংরি-লা হোটেল থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় পুত্রজায়ার পেরদানা পুত্রা ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সকাল ৯টায় সেখানে তাদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
অভ্যর্থনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিবাদন রক্ষী দল পরিদর্শন করেন।
সংবর্ধনা শেষে সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।
এরপর পেরদানা পুত্রা ভবনের প্রবেশমুখে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুত্রজায়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়। পাশাপাশি পেরদানা পুত্রা চত্বরেও সারিবদ্ধভাবে উত্তোলন করা হয় দুই দেশের জাতীয় পতাকা।