সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন প্রতিমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম
দেশের সরকারি চাকরিতে বর্তমানে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণির চাকরিতে, যা ১৩তম থেকে ১৬তম গ্রেডের আওতাভুক্ত।
রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির (প্রথম থেকে নবম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে (দশম থেকে দ্বাদশ গ্রেড) খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ।
সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণিতে। ১৩তম থেকে ১৬তম গ্রেডভুক্ত এ শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। এছাড়া চতুর্থ শ্রেণিতে (১৭তম থেকে ২০তম গ্রেড) শূন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ। অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ খালি রয়েছে।
বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পরবর্তী পাঁচ বছরে আরও ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মো. আব্দুল বারী বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য সামনে রেখে এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ এবং চলমান নিয়োগ কার্যক্রমের সর্বশেষ তথ্য চেয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।