সংসদে মামুনুল হককে নিয়ে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১২ পিএম
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের করা একটি মন্তব্যও এক্সপাঞ্জ করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে বাজেট অধিবেশন শুরু হলে বিষয়টি নিয়ে বক্তব্য দেন স্পিকার। তিনি জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে ঘিরে কথিত ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত ছিল।
স্পিকার বলেন, যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তির সংসদে এসে নিজের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সংসদীয় শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে খন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ওই সময় তিনি নিজেও ব্যক্তিগত জীবনের একটি ‘অন্ধকার অধ্যায়’ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যটিও কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়েছে।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ভবিষ্যতে এমন বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। যাদের সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে খন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ উত্থাপন করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি মামুনুল হকের অতীতের একটি আলোচিত ঘটনার উল্লেখ করেন এবং ‘মুতা বিয়ে’ সম্পর্কে স্পিকারের কাছে জানতে চান।
এর জবাবে স্পিকার বলেন, অপ্রাসঙ্গিক বিষয় সংসদীয় আলোচনায় না আনাই ভালো। পাশাপাশি, সংসদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার সুযোগ নেই এমন কারও বিরুদ্ধে অভিযোগ তোলা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
পরে বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টির প্রতিবাদ জানানো হয়। পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। পরবর্তীতে সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও অসংসদীয় মন্তব্যগুলো এক্সপাঞ্জ করার অনুরোধ করেন।