ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:১১ পিএম

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মন্তব্য চলমান আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম দাবি করেছে, ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে আলোচনাস্থল ত্যাগ করেছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক কূটনীতিকের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা এখনও সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অবস্থান করছেন এবং আলোচনা পুরোপুরি ভেঙে যায়নি।

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ ট্রাম্পের হুমকিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি কার্যকর হলে আজ তারা এমন অচলাবস্থার মুখে পড়ত না। ইরান এসব হুমকিকে গুরুত্ব দেয় না এবং দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি আরও বলেন, তারা যত বেশি কথা বলবে, আমরা তত বেশি কাজ করব।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, ইরান যদি প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তাহলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমন পরিস্থিতিতে ইরানি আলোচকদের নিজ দেশে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970