কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

কাতারে অবরুদ্ধ অবস্থায় থাকা ইরানের ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ শিগগিরই তেহরানের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে এই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার মুক্ত করা হবে এবং তা ইরানে ফেরত আনা হবে। তিনি জানান, এ বিষয়ে আজ থেকেই সংশ্লিষ্ট আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট করেছেন তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে এ বাস্তবতা মেনে নিতে হবে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগের জবাবে তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি বা উন্নয়নের কোনো পরিকল্পনা ইরানের নেই। এটি নতুন কোনো অবস্থান নয়; বরং ইসলামিক বিপ্লবের পর থেকে দেশটির নেতারা ধারাবাহিকভাবে একই নীতি অনুসরণ করে আসছেন।

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলমান উত্তেজনা প্রশমিত করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার লক্ষ্যে গত ১৭ জুন একটি সমঝোতা স্মারক সই হয়। এর ধারাবাহিকতায় কারিগরি পর্যায়ের আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল রোববার ভোরে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে পৌঁছায়।

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970