১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিশুদের অনলাইন ঝুঁকি, ক্ষতিকর কনটেন্ট এবং ডিজিটাল আসক্তি থেকে সুরক্ষিত রাখতে দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ১৫ বছরের নিচে কোনো শিশু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স ও স্ন্যাপচ্যাটে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। পাশাপাশি পোস্ট করা, মন্তব্য করা, উন্মুক্ত গ্রুপে যোগ দেওয়া কিংবা অনলাইন আলোচনায় অংশ নেওয়ার সুযোগও থাকবে না। এমনকি অভিভাবকের অনুমতিও এ ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবে না।

তবে ১৫ থেকে ১৬ বছর বয়সীদের জন্য সীমিত পরিসরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ফিচার বন্ধ রাখা এবং বাধ্যতামূলক প্যারেন্টাল কন্ট্রোলসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে।

সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নির্ভরযোগ্য বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। এজন্য ডিজিটাল পরিচয়পত্র, পরিচয় যাচাই, বায়োমেট্রিক প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারীর দেওয়া তথ্যের ওপর নির্ভর করে বয়স নির্ধারণ গ্রহণযোগ্য হবে না। এছাড়া শিশুদের অনলাইন আচরণ ও পছন্দ-অপছন্দ বিশ্লেষণ করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নিয়ম বাস্তবায়ন ও তদারকির পদ্ধতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের লক্ষ্য শিশুদের জন্য নিরাপদ, ভারসাম্যপূর্ণ এবং বয়সোপযোগী ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে তাদের মানসিক স্বাস্থ্য, সামাজিক বিকাশ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা রক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় অভিভাবকদের জন্য নিরাপদ ডিজিটাল ব্যবহার, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ, প্যারেন্টাল কন্ট্রোল এবং অনলাইন ঝুঁকি মোকাবিলা বিষয়ে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া হবে। তবে এসব নীতি বাস্তবায়নের প্রধান দায়িত্ব থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্ল্যাটফর্মগুলোর ওপর।

এছাড়া শিশুদের স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সচেতনতামূলক উপকরণ ও নির্দেশিকা সরবরাহ করবে সরকার। খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড, শিক্ষামূলক উদ্যোগ এবং নিরাপদ ডিজিটাল কনটেন্টের প্রসারেও গুরুত্ব দেওয়া হবে। স্কুল পর্যায়েও ডিজিটাল নিরাপত্তা শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্ল্যাটফর্ম নতুন নিয়ম লঙ্ঘন করলে প্রশাসনিক জরিমানা, আংশিক নিষেধাজ্ঞা বা গুরুতর ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু, নিয়মবহির্ভূত অ্যাকাউন্ট বন্ধ এবং নিয়ম ফাঁকি দেওয়ার প্রচেষ্টা রোধে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

সরকার আরও জানিয়েছে, বয়স যাচাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে। সরকারি গেজেটে প্রকাশের পর নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। আর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970