কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৫ এএম

ছবি: সংগৃহীত

কাতারের শিল্পনগরী রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া এখনও কমপক্ষে ১৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কারখানার অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানিকারক দেশ কাতার। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান দেশটির জ্বালানি শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কাতারের অধিকাংশ এলএনজি উৎপাদনকারী কারখানা এই অঞ্চলে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কারখানা এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর সৃষ্ট আগুনের শিখা প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। এছাড়া বিস্ফোরণের তীব্র শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে বলে দাবি করেছেন তারা।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতরে নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। রোববার ওই প্ল্যান্টের কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970