সমঝোতায় না পৌঁছালে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:২৬ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো সমঝোতা না হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পদক্ষেপ বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। পাশাপাশি ওই পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে শুল্ক বা টোল আদায়ের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র চাইলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে পারে। এর বিনিময়ে জ্বালানি তেলের একটি অংশ পাওয়ার দাবিও জানাতে পারে ওয়াশিংটন।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং শান্তি উদ্যোগের শর্ত বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে। এরপরই বিষয়টি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে দেশটির ভবিষ্যৎ অস্তিত্ব নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। একই সঙ্গে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের প্রতিও কড়া বার্তা দেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প। অন্যথায় আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে হরমুজ প্রণালি দখলের মতো বক্তব্যের আইনি ভিত্তি কিংবা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।