পুরস্কার বিতরণী মঞ্চে জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী সাদিয়া সুলতানা নেলী।

বুধবার বিকেল তিনটার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইনডোর গেমসের ক্যারম প্রতিযোগিতার ফাইনালে দুটি দল অংশ নেয়। এর মধ্যে একটি দলে ছিলেন সাদিয়া সুলতানা নেলী। প্রতিপক্ষ দলে ভিন্ন বিভাগের দুইজন খেলোয়াড় থাকায় অনিয়মের অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে খেলা স্থগিত রাখা বা উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করার প্রস্তাব দেন ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুরস্কার বিতরণীর সময় সাদিয়া সুলতানা নেলী জর্জিসকে আলাদা করে ডেকে নেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে তাকে থাপ্পড় মারেন।

ভুক্তভোগী জর্জিস আনোয়ার নাঈম বলেন, অনিয়মের বিষয়টি তুলে ধরে তিনি খেলা স্থগিত বা যৌথ বিজয়ীর প্রস্তাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে নেলী তাকে হুমকি দেন। পরে পুরস্কার বিতরণীর সময় তাকে ডেকে নিয়ে কথা বলার একপর্যায়ে সবার সামনে থাপ্পড় মারেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানানোর কথাও জানান তিনি।

অন্যদিকে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটি স্বীকার করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, খেলায় স্বজনপ্রীতি করা হয়েছে এবং ভবিষ্যতে এমন হলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, তিনি সরাসরি ঘটনা দেখেননি, তবে এমন ঘটনার কথা শুনেছেন। বিষয়টি উপাচার্যের কাছে জানানো হয়েছে এবং সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970