ঢাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম পড়ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-র অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের বন্ধু তাওসিফসহ স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাওসিফ জানান, দু’জনই একটি বিয়ের গায়েহলুদ অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির ময়লার গাড়িটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহত ইরাম ও অপু ডেমরার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970