রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাই দমনে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে রাজধানীতে নজরদারি আরও জোরদার করছে ঢাকা মহানগর পুলিশ। এর অংশ হিসেবে ঢাকায় নতুন করে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান, নিয়মিত টহল, চেকপোস্ট এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, নতুন প্রকল্পের আওতায় পুরো মহানগরীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই নিয়ন্ত্রণে ৭০০ ক্যামেরা স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বসিলায় একটি ফাঁড়ি চালু করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগরের ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অপরাধীদের ধরতে বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এন এম নাসির উদ্দিন বলেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান আরও বাড়ানো হয়েছে।

তিনি জানান, বর্তমানে রাজধানীতে প্রায় ১৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে, যা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণেও এসব ক্যামেরার ফুটেজ ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি ও বিভিন্ন সমন্বিত ব্যবস্থাপনায় প্রায় ৭১০টি ক্যামেরা এবং বিভিন্ন এলাকায় মালিক সমিতির মাধ্যমে প্রায় ১২০০টি ক্যামেরা চালু রয়েছে। বড় জাতীয় অনুষ্ঠানেও অস্থায়ীভাবে অতিরিক্ত ক্যামেরা বসানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে সব ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়। কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত তা মেরামত বা পরিবর্তন করা হয়। অপরাধ দমন, তদন্ত ও যানজট নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970