থানায় গিয়ে এসপি জানালেন তিনিও ছিনতাইয়ের শিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়ে গুলিবর্ষণ করেছে পুলিশ। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধ দমনে পুলিশের গুলিবর্ষণের এটি প্রথম ঘটনা বলে জানা গেছে।

সোমবার ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ভোরে ধানমন্ডি এলাকায় একটি মোটরসাইকেল চক্র ছিনতাইয়ের চেষ্টা করছিল। পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। পরে টাউন হল এলাকায় পৌঁছালে তারা পুলিশের ওপর আক্রমণ করে।

আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ছুরি, চাপাতি, কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পলাশ ও সাকিব দুই ভাই। তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বাসিন্দা। অপরজন বিপ্লব হোসেন তাদের বোন জামাই। পুলিশ জানায়, এই চক্রটি মোটরসাইকেলে করে রাতের বেলায় অটোরিকশা যাত্রী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করত।

ছিনতাইকারীদের গ্রেপ্তারের খবর পেয়ে ধানমন্ডি থানায় যান পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। তিনি জানান, মাত্র দুই দিন আগে ল্যাবএইড হাসপাতালের সামনে তিনিও এই চক্রের শিকার হন।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে অটোরিকশায় ফেরার সময় একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। অভিযানে সেই চক্র ধরা পড়লেও তার মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, চক্রটির মোট পাঁচজন সদস্য ছিল। অভিযান চলাকালে টাউন হল এলাকায় পুলিশের ওপর হামলা হলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এতে একজন গুলিবিদ্ধ হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970