শিক্ষক নিয়োগে রাজনীতিকরণের কারণে ঢাবির র্যাংকিং পিছিয়েছে: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে পিছিয়ে পড়ার পেছনে শিক্ষক নিয়োগে রাজনীতিকরণকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে না হয়ে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মান কমিয়ে দিয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে মূলত সঠিকভাবে শিক্ষক নিয়োগ না হওয়ায়। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ শোনা গেছে।
তিনি আরও বলেন, যদি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা যায় এবং গবেষণা ও প্রকাশনায় গুরুত্ব দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মান দ্রুত উন্নত হবে।
প্রধানমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক পারফরম্যান্স উন্নত করতে হলে গবেষণা ও প্রকাশনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এসব চর্চা বাড়ানো গেলে আন্তর্জাতিক র্যাংকিংয়েও উন্নতি সম্ভব হবে।