কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে, ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী বিজয়ের হুশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৩২ পিএম
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি’ বিজয় নামে পরিচিত, বলেছেন রাজ্যে কোনো ধর্মীয় নির্যাতন সহ্য করা হবে না। তিনি স্পষ্টভাবে জানান, যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তা ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে।
মঙ্গলবার সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নাগরিক অধিকার সবার জন্য সমান এবং তা রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতায় আসার পর সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তিনি রাজ্যজুড়ে ৭০০টির বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।
সরকারি নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশন পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করা হবে। এসব দোকান ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল এলাকার ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না।
বন্ধ হওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত।
গত রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম এবারের নির্বাচনে বড় বিজয় অর্জন করে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্য বদলে দিয়েছে।
কংগ্রেস, বাম দল এবং মুসলিম লিগসহ বিভিন্ন দলের সমর্থনে এবার তামিলনাড়ুতে একটি নতুন জোট সরকার গঠিত হয়েছে। ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।
এর মধ্যে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন উল্লেখযোগ্য। একইসঙ্গে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তবে মদের দোকান বন্ধের সিদ্ধান্ত রাজ্যের আয়ের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবুও সরকার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।