আগুন থেকে তিন সন্তানকে বাঁচিয়ে পুড়ে মারা গেলেন বাবা-মা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০৯ এএম
রাজধানীর দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ তাদের বাড়িতে আগুন লাগে। আগুনে ঘরে থাকা পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় দম্পতি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করে আনতে সক্ষম হন। কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় তারা আর ঘর থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে টিন ও কাঠের তৈরি পুরো ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, আবদুস সালাম ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।