ইপলাইন সম্প্রসারণে নামছে ঢাকা ওয়াসা, প্রগতি সরণি এলাকায় যানজটের আশঙ্কা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
রাজধানীতে পানির পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করতে যাচ্ছে ঢাকা ওয়াসা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ। এতে রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ এবং নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ–৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন)” আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।
প্রকল্পের সেকশন–ডি (নতুন বাজার–রামপুরা ব্রিজ) এবং সেকশন–ই (নতুন বাজার–কাকলী) অংশে বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। ওয়াসা জানিয়েছে, কাজ চলাকালীন যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে না। তবে রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে প্রতি ৪০০ মিটার অন্তর মিডিয়ান বরাবর উভয় পাশে প্রায় ৩ মিটার করে দুটি লেনে যান চলাচল বন্ধ থাকবে।
এর ফলে ওই এলাকাগুলোতে যানবাহনের গতি কমে তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়াসা কর্তৃপক্ষ নগরবাসী ও পরিবহন চালকদের যথেষ্ট সময় নিয়ে যাত্রা শুরুর অনুরোধ জানিয়েছে এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে।