মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু, যেভাবে করবেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
চালু হয়েছে মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইন রিচার্জ সেবা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করা হয়েছে।
এর ফলে যাত্রীরা এখন থেকে ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে মেট্রোরেল কার্ড রিচার্জ করতে পারবেন।
যেভাবে কার্ড রিচার্জ করবেন:
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তৈরি নতুন ব্যবস্থায় প্রথমে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। রিচার্জ অপশনে গিয়ে বেছে নিতে হবে র্যাপিড পাস নাকি এমআরটি পাস রিচার্জ করা হবে।
এরপর ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের যেকোনো পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা পরিশোধ করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা নতুন যন্ত্রে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সম্পন্ন হবে।
নীতিমালা অনুযায়ী, পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে। তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন। সে ক্ষেত্রেও একই হারে ১০ শতাংশ ফি প্রযোজ্য হবে।
এদিন মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
২০২২ সালের ৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হয়। ২৯ ডিসেম্বর থেকে স্টেশনটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।