মোহাম্মদপুরে যুবলীগ নেতার বাড়ি থেকে ককটেল-গ্রেনেড উদ্ধার, তিন নারী গ্রেফতার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পলাতক এক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেনেড, ককটেল বোমা, গানপাউডারসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের শেরেবাংলা ক্যাম্প সূত্র জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্পের একটি দল ও মোহাম্মদপুর থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২টি লাইট গ্রেনেড, ১১টি ককটেল বোমা, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির প্রায় ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ওই বাড়ি থেকে মুক্তা আক্তার (২৫), নাজমা আক্তার (৪০) ও কাকলী আক্তার (৩১) নামে তিন নারীকে গ্রেফতার করা হয়। তারা পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভ (৩৩)-এর স্ত্রী ও বোন বলে জানা গেছে। মাইনউদ্দিন ইসলাম শুভর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, মাইনউদ্দিন ইসলাম শুভ কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফয়সাল করিম দাউদ আলোচিত ওসমান হাদী হত্যা মামলার মূল আসামি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মাইনউদ্দিন ইসলাম শুভর ছিল বলেও তারা স্বীকার করেন।
আরও জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর ফয়সাল করিম দাউদ ও মাইনউদ্দিন ইসলাম শুভ একসঙ্গে ভারতে পালিয়ে যান। যাওয়ার আগে উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য তারা পরিবারের সদস্যদের জিম্মায় রেখে যান।
পরে আটক তিন নারীসহ উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।