ভরিতে সোনার দাম কমল ২ হাজার টাকার বেশি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফায় স্বর্ণের মূল্য কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানায় বাজুস। ঘোষিত নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় স্থানীয় বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা দেয়। সেই প্রভাব দেশের বাজারেও পড়ে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৪৬৫ ডলারে নেমে এসেছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার। আর ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির কারণে গত মাসের শেষদিকে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল সোনার দাম। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970