বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে উদ্যোগ: শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের সংস্কার ও উন্নয়ন নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চলমান সংকট, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পুসাব নেতারা শিক্ষক-শিক্ষার্থীদের নানা সমস্যা, উচ্চশিক্ষার মানোন্নয়ন, সরকারি সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। তারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হলেও কার্যকর পদক্ষেপের অভাবে এসব সংকট নিরসন হয়নি।
এ সময় পুসাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান অনি, সাকিব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ’।
প্রস্তাবনায় মূলত তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়-
শিক্ষার মানোন্নয়ন,
শিক্ষার্থী অধিকার সুরক্ষা,
বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণ।
পুসাব নেতারা মনে করেন, সরকারের কার্যকর সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে। এর ফলে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষভাবে গড়ে উঠতে পারবে।