সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রোববার ভোরে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে জোহরের পর। এরপর দ্বিতীয় জানাজা হবে রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে, বাদ মাগরিব।
গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে তিনি ভাসানী ন্যাপ সমর্থিত ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সময় তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দলে যোগ দেন। পরে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেন, তবে পরাজিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।