এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে জানবেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম
২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের শিক্ষাবোর্ডগুলো। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। পাশাপাশি যেসব নম্বর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছিল, সেসব ফল আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানানো হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, শিক্ষার্থীদের প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে খাতা যাচাই করা হয়েছে।
আবেদনকারীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন। ফলাফল জানতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবোর্ড–সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বিষয়ভেদে ইংরেজি ও আইসিটি বিষয়ে আবেদন ছিল সর্বোচ্চ।
উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন—পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। ছাত্রীদের পাসের হার ছিল ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।